ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

যুবসমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারবেন।

তিনি আরও বলেন, মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম।

অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।