ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, শেখ হাসিনার নিজের উদ্যোগে দেশে ফেরার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৭ বছরের শাসনামল ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থার মতোই ছিল। ছাত্র-জনতা সেই শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এ ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হলো দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। অন্যদিকে, প্রত্যর্পণ হলো অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তাঁকে যে দণ্ড দেওয়া হয়েছে, সেই দণ্ড তাঁকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এত মানুষের রক্ত ঝরানোর অভিযোগ রয়েছে। অথচ তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এমন আচরণ করা হচ্ছে, যেন তাঁকে ফুল দিয়ে বরণ করে আনতে হবে।

দেশে যেন আর কোনো অত্যাচারী শাসকের জন্ম না হয়, সে জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা।