গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) টঙ্গীর পাগাড় এলাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
প্রাথমিকভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরও ২২টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরীর ৩০টি স্থানে শ্রমিকেরা ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত শিল্প হাসপাতাল টঙ্গীতে স্থাপন করা হবে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সরকার প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেশব্যাপী বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে এ কর্মসূচির আওতায় ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন তদারকিতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম কাজ করছে।
অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের ও এ এস এম রফিকুল ইসলাম (নোমান) উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।a
