ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথও বৈদ্যুতিক ট্রেনের আওতায় আসবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় রেলপথে চলাচলের জন্য ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে চলাচলের দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এ পথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বৈদ্যুতিক ট্রেন চালু ও ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী অবকাঠামো গড়ে তুলতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।

এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য।

রেলওয়ে সূত্র জানায়, সরকার ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ। অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। রফিকুল ইসলাম জানান, নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ায় এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করছে রেলওয়ে। এর পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে।