সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মানব পাচারকারীসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক এবং একজন মানব পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির টহল দল এ অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের দীর্ঘদিন ভারতে অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তাঁরা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অধিকতর তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ সময় তাঁদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় একজনকে মানব পাচারকারী হিসেবে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁদের আটকে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। এসব ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল দুজন বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করেছিল।
এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
