ঢাকা, বাংলাদেশ   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে ট্রাম্পের ছয় মন্ত্রী

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে ট্রাম্পের ছয় মন্ত্রী

রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রায় ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটনের সামরিক আবাসনে উঠেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তার যুক্তিতে নেওয়া এ পদক্ষেপে সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্নতা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্ট ইরানের হুমকির কথা উল্লেখ করে জর্জটাউনের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও নিরাপত্তা উদ্বেগে ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার ও তাঁর স্ত্রীও তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ ও হুমকির পর সামরিক আবাসনে যান।

ফোর্ট ম্যাকনায়ার ঘাঁটিতে রুবিও, হেগসেথ ও মিলার পরিবার পাশাপাশি থাকেন। এসব বাড়ি সাধারণত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত। আবাসনভেদে মন্ত্রীদের মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া দিতে হয়।

আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কান বলেন, কর্মকর্তারা এখন সাধারণ আবাসিক এলাকা থেকেও দূরে থাকছেন, যা তাঁদের বিচ্ছিন্নতা বাড়াতে পারে। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা হুমকির কারণেই অনেকে শহরের সাধারণ এলাকায় থাকতে পারছেন না।

সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের থাকা নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রশ্ন তুলেছেন। পেন্টাগনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যাতে নিরাপত্তা হুমকি, আইনি ভিত্তি ও ভাড়ার তথ্য থাকবে।