দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগদ অর্থ বহনকারী একটি সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রেসিডেন্টের দপ্তর সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অস্ত্রধারীরা পাশের এক্সিতো সুপারমার্কেটে ঢুকে লোকজনকে জিম্মি করে। শুরুতে ৩০ জনকে জিম্মি করা হলেও পরে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। জিম্মিদের উদ্ধারে বিশেষায়িত ইউনিট কাজ করছে। এখনো জিম্মি ও হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর দাবি, হামলাকারীরা মাদক পাচারকারী গোষ্ঠীর সদস্য হতে পারে।
এদিকে ভিলাভিসেনসিও শহরে আগের রাতে গাড়িবোমা হামলার ঘটনায়ও নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। হামলার সঙ্গে ফার্ক বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন অংশ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কয়েকজনকে হাত বাঁধা অবস্থায় দেখা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি রয়টার্স।
