ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে দুই দলের চুক্তি

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে দুই দলের চুক্তি

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই নতুন সরকার গঠনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের সঙ্গে জোট চুক্তি করেছেন ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যান। নির্বাচনের পর বিরোধীদের মধ্যে এটিই প্রথম জোট চুক্তি।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন। ফলে আইজেনকটকে আরব দলগুলোর সমর্থন নিতে হবে অথবা নেতানিয়াহুর জোট থেকে কোনো দলকে পাশে পেতে হবে। তবে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনে লিবারম্যানের আপত্তি রয়েছে।

অন্যদিকে নেতানিয়াহু ইহুদি দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছেন। এর বিরোধিতা করে আইজেনকটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি।

সরকার গঠনের জন্য আইজেনকটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন তিনি। ব্যর্থ হলে সুযোগ পাবেন নেতানিয়াহু। উভয়ের প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।