ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নিধনের প্রমাণ মুছতে মরদেহ পোড়ানো, বুলডোজার চালানোর অভিযোগ আইসিজের

রোহিঙ্গা নিধনের প্রমাণ মুছতে মরদেহ পোড়ানো, বুলডোজার চালানোর অভিযোগ আইসিজের

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি বলেন, অভিযানের সময় যেসব এলাকায় অভিযান চালানো হয়েছিল, সেসব স্থানে আগুন দেওয়া ও বুলডোজার চালানোর ঘটনা ঘটেছে।

বিচারকের ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর কিছু ফেসবুক বার্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অন্য জনগোষ্ঠীকে সহিংসতায় উৎসাহিত করার চেষ্টা করেছিল।

আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের কথা উঠে এসেছে। ওই অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়।

এ ছাড়া অভিযানের আগে উত্তর রাখাইনে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে আদালত জানিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় রয়েছে কি না, তা নির্ধারণের বিষয়টি আদালতের বিচারাধীন।