যুদ্ধ, সাইবার হামলা কিংবা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় নাগরিকদের জরুরি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গত ৩ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় সিভিল প্রটেকশন ফোরামে নতুন সংকট প্রস্তুতি নির্দেশিকা তুলে ধরেন ইউরোপীয় কমিশনার হাদজা লাহবিব।
নির্দেশিকায় জরুরি ওষুধ, নগদ অর্থ, টর্চলাইট, রেডিও এবং পারিবারিক জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে। বড় দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টায় সরকারি সহায়তা পৌঁছাতে বিলম্ব হতে পারে বলেই এ উদ্যোগ।
যুক্তরাজ্যও নাগরিকদের তিন দিনের খাবার ও জনপ্রতি নয় লিটার পানি মজুতের পরামর্শ দিয়েছে।
অন্যদিকে জার্মানি ১০ দিনের এবং সুইডেন, নরওয়েসহ কয়েকটি দেশ এক সপ্তাহের প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে।
ইউক্রেন যুদ্ধ, অবকাঠামোয় নাশকতার ঝুঁকি, সাইবার হামলা এবং প্রাকৃতিক দুর্যোগকে এসব সতর্কতার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে এসব নির্দেশনা আসন্ন যুদ্ধের ঘোষণা নয়; বরং সম্ভাব্য সংকটে নাগরিকদের প্রস্তুত রাখার উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
