ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজে আবারও তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ইঞ্জিন কক্ষে আগুন

হরমুজে আবারও তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ইঞ্জিন কক্ষে আগুন

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। ওমানের জলসীমার কাছে সোমবার রাতে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) চতুর্থ একটি তেলবাহী জাহাজে হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।

ইউকেএমটিও জানায়, হামলার পর ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এতে ওমানের জলসীমার সাত নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি অচল হয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে তেল পরিবহন ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব জ্বালানি তেলের বাজারেও পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।