ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবায় বড় বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহক

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবায় বড় বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহক

এক সপ্তাহে মাইক্রোসফট, বিমান চলাচল ও ব্যাংকিং সেবায় বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জেপিমরগ্যান চেজসহ কয়েকটি ব্যাংকের সেবা বিঘ্নিত হলে গ্রাহকেরা হিসাব দেখা, অর্থ স্থানান্তর ও লেনদেন করতে পারেননি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক, ক্যাপিটাল ওয়ান, ট্রুইস্ট ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরাও সমস্যায় পড়েন। চেজ ব্যাংকের সেবা নিয়ে ডাউনডিটেক্টরে প্রায় ৪ হাজার ৮০০ অভিযোগ জমা পড়ে। জেলেতেও সমস্যা দেখা দেয়। মঙ্গলবার ভোরে সেবাগুলো স্বাভাবিক হয়।

চেজ ব্যাংক জানায়, সফটওয়্যারের ত্রুটিতে লেনদেনে বিলম্ব হয়েছিল; এটি সাইবার হামলা নয়। ত্রুটির প্রভাব অন্য ব্যাংকের সঙ্গে যৌথ লেনদেনেও পড়ে। তবে ব্যাংক অব আমেরিকা ও ক্যাপিটাল ওয়ান নিজেদের সেবা স্বাভাবিক থাকার কথা জানায়।

এর আগে মাইক্রোসফটের আউটলুক ও টিমস সেবা বিঘ্নিত হয়। রাউটারে অতিরিক্ত চাপের কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে, ফ্লাইট বাতিল হয়।

বিশেষজ্ঞদের মতে, পরস্পর সংযুক্ত প্রযুক্তিব্যবস্থায় ত্রুটি বড় প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা অপরিচিত বার্তা ও লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।