জাতীয় নিরাপত্তা ও অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে জর্ডান ও ইরাক। সোমবার (১৬ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পিএসডি) এক বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা জানায়। নাগরিকদের অপরিচিত অ্যাকাউন্ট ও লিংক এড়িয়ে চলার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম সরকারি চ্যানেলে জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
গত মাসে দেশটির কারাক গভর্নরেটের একটি গির্জায় হামলায় নয়জন নিহত হন। ওই ঘটনায় দায়ী তিনজনকে রোববার মৃত্যুদণ্ড দেওয়া হয়। জর্ডানের দাবি, প্রতিবেশী সিরিয়ায় পাল্টা বিমান হামলায় আইএসআইএল-সংশ্লিষ্ট ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
ইরাকের মিডিয়া ও যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আইন লঙ্ঘনকারী কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। শর্ত পূরণে প্রতিষ্ঠানটিকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত অ্যাপটি নিয়ে দুই দেশের সিদ্ধান্তের বিষয়ে টেলিগ্রামের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০২৩ সালেও ইরাক নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার কারণ দেখিয়ে অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করেছিল।
