অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশের সুযোগ পেত প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি।
এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হবে।
ফিচারটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়া হয়। আগে ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমতি নিয়েই ব্যবহারকারীদের ফটো গ্যালারিতে প্রবেশের সুযোগ চাইত। নিয়ন্ত্রক সংস্থার মতে, ওই অনুমতির মাধ্যমে গ্যালারির ছবির ভিত্তিতে বিভিন্ন পরামর্শ তৈরির বিষয়টি স্পষ্ট করা হয়নি।
জরিমানার পরিমাণ নির্ধারণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং মেটার অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যারা অ্যাপটি আপডেট করেননি কিংবা আগে ফিচারটি ব্যবহারের সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
তবে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। মেটার দাবি, এটি একটি সাধারণ ফিচার, যা ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে। ফিচারটি ব্যবহারের আগে ডিভাইসে অনুমতি দিতে হয় এবং ব্যবহারকারীরা যেকোনো সময় সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করতে পারেন।
ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনার বিষয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।
