গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ও এক চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় শীতকালীন ত্রাণসামগ্রী প্রবেশে ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেই এ ঘটনা ঘটল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এক চিকিৎসক জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে কিনান আহমেদ রাকিক নামের শিশুটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় (হাইপোথার্মিয়া) তার মৃত্যু হয়।
শিশুটির বাবা আহমেদ রাকিক এএফপিকে বলেন, রাতে তাপমাত্রা অনেক কমে যাওয়ার পর ছেলের মৃত্যু হয়। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, শিশুটির শরীর নীল হয়ে গেছে। দ্রুত তাকে নাসের হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আহমেদ রাকিক বলেন, তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেছেন। নিজের সন্তানকে কাফনে মোড়ানো অবস্থায় কোলে নিতে হয়েছে তাঁকে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন অনুযায়ী, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালও তীব্র শীতের কারণে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশ ও সংস্থার একটি জোট গাজায় আশ্রয়, জ্বালানি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) গাজাবিষয়ক মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে বলেছেন, শীত আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি থাকলেও গাজায় নজিরবিহীন বৃষ্টিপাত ও তীব্র ঠান্ডা দেখা যাচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ, তা উপলব্ধি করা জরুরি।
সূত্র: আল জাজিরা
