হরমুজ প্রণালির পূর্বে সামুদ্রিক মাইনের আঘাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে জলপথটির অননুমোদিত ও বিপজ্জনক দক্ষিণ পথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে বাহিনীটি।
শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বারবার নিষেধ করার পরও ট্যাংকারটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এটি একটি সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা খেলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, এর আগে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকারগুলোর ঘটনা থেকে জাহাজটি কোনো শিক্ষা নেয়নি। বরং প্রণালি পার হওয়ার জন্য মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপর নির্ভর করেছিল।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে প্রণালিটি নিয়ন্ত্রণ করছে। ইরানের নিয়ম লঙ্ঘন করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও বিপজ্জনক পথে প্রবেশ করলে একই পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
সূত্র: আল জাজিরা
