ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল ভারত

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল ভারত

ধর্মীয় বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রতিষ্ঠানটি দেশের নিরাপত্তার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত। এর ফলে দেশটির শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন ঘোষণা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন জাকির নায়েক। পরে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান তিনি এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠান উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শত্রুতা ও বিদ্বেষ ছড়াচ্ছে।

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য আইআরএফের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগেই নতুন নির্দেশনা জারি করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হলো।

সূত্র: দ্য ওয়াল