মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
পোস্টে মাহি লেখেন, বাংলাদেশের মানুষ তাঁকে ঘিরে অনেক আশা করেছিলেন। দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা, দোয়া ও সমর্থন তিনি কখনো ভুলবেন না। প্রত্যাশিত ফল না এলেও এই অভিজ্ঞতা তাঁর কাছে মূল্যবান হয়ে থাকবে।
পোস্টের শেষাংশে মাহি বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও দেশবাসীর ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে নেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মাহি।
