ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর নাম ঘোষণা করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচে জায়গা করে নেন পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা।

প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানারআপ নির্বাচিত হয়েছেন।

বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা পেল পুয়ের্তো রিকো।

এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শক ভোটে এগিয়ে থাকলেও চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা পাননি তিনি।