রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে মধ্যরাতে আটক হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়ে নিজেকে নির্দোষ দাবি করার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাত পৌনে তিনটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
আটকের আগে ফেসবুক লাইভে জ্যোতি বলেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে বিতর্কে জড়ান জ্যোতি। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
২০০৪ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। নাটক ও চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি।
