নিউইয়র্কের পথে পথে অশ্রু ঝরেছে একসময়। ঘরে খাবার না থাকায় কাপের খুচরো পয়সা দিয়ে চাল-আলু কিনে ছেলেকে খাইয়েছেন। অথচ একসময় টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। হুমায়ূন আহমেদের ‘বহুব্রীহি’ নাটকের মিস মিলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া লুৎফুন নাহার লতার জীবন এখন যুক্তরাষ্ট্রে।
আশি ও নব্বইয়ের দশকে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ ও ‘চর আতরজান’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান লতা। অভিনয়ের পাশাপাশি ২৫ বছর বেতারে সংবাদ পাঠ এবং ব্যাংকে চাকরি করেছেন তিনি। ১৯৯৭ সালে ছোট ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
নিউইয়র্কে শুরুতে আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মুখে পড়েন। পরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনে যোগ দেন। বর্তমানে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছেন।
২০১৪ সালে মার্কিন নাগরিক মার্ক ওয়াইনবার্গকে বিয়ে করেন লতা। তাঁর ছেলে সিদ্ধার্থ নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ল-এ আইনজীবী হিসেবে কাজ করছেন।
প্রবাসে থেকেও বাংলা নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গল্প ও কবিতা লেখেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ ও ‘চাঁদের উঠোন’।
