আদালতে হাজির হয়ে ৫ নভেম্বরের ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মঙ্গলবার ঢাকার আদালতে হাজির হন পরীমনি। মামলা অন্য আদালতে বদলি হওয়ায় ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
আদালত প্রাঙ্গণে পরীমনি বলেন, আদালতে কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। ৫ নভেম্বরের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’ তাঁর দাবি, সেদিন এক সাংবাদিক তাঁকে স্পর্শ করেছিলেন।
ওই দিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় জামিন পেয়ে আদালতে যাওয়ার সময় পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। সমকালের প্রতিবেদক রবিউল হোসাইনের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরীমনি তাঁকে স্পর্শ করার অভিযোগ করেন। রবিউল অভিযোগ অস্বীকার করে পরীমনির বিরুদ্ধে গালিগালাজ ও হত্যার হুমকির পাল্টা অভিযোগ করেন। ৮ নভেম্বর পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়।
