ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে ‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান

পাকিস্তানি নায়িকার সঙ্গে ‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান

পাকিস্তানি এক নায়িকার সঙ্গে ‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। একই সঙ্গে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের যৌথ কাজের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে একটি কাজ হতে যাচ্ছে। ওই সিনেমায় পাকিস্তানি একজন নায়িকাও অভিনয় করবেন।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের অগ্রগতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শাকিব বলেন, দেশটির সিনেমা হলের সংখ্যা, মাল্টিপ্লেক্স এবং চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্য সম্পর্কে জেনে তিনি অবাক হয়েছেন। তাঁর ভাষ্য, পাকিস্তানে কোনো সিনেমা ব্লকবাস্টার হলে তা ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করে। এ ক্ষেত্রে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও পিছিয়ে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।