ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও বার্তা দিলেন অনন্ত জলিল

দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও বার্তা দিলেন অনন্ত জলিল

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। একই সঙ্গে টিআরপির জন্য সামাজিক মাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবার কাছে দোয়া চান অনন্ত জলিল। পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াতও উল্লেখ করেন তিনি।

পোস্টের শুরুতে সুরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি উল্লেখ করেন অভিনেতা। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ আয়াতটি উল্লেখ করেন। এর অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান অনন্ত। অন্যদিকে, টিআরপির জন্য সামাজিক মাধ্যমে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আল্লাহ যেন তাঁদের হেদায়েত দান করেন, সেই দোয়াও করেন।

অনন্ত জলিলের পোস্টের পর ভক্ত ও অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেন। তাঁদের একজন এস এম মাসুম বাবুল তাঁকে ধৈর্য ধরতে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন। অনন্তের প্রতি মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাঁকে ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।