বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত হলো কোচ লিওনেল স্কালোনির। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি।
বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানান, নতুন চুক্তির ফলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন স্কালোনি।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া স্কালোনির অধীনে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ ছাড়া তাঁর নেতৃত্বে দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপাও জিতেছে দলটি।
