শাপলা চত্বর মামলায় আদালতে হাজির হতে দেরি ও কারা-পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রসিকিউশন।
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আচরণ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শাপলা চত্বর মামলায় শুনানির দিন জিয়াউল প্রথমে কারাগার থেকে আদালতে যেতে অস্বীকৃতি জানান। পরে হাতকড়া পরতেও আপত্তি করেন এবং কারা ও পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
এসব কারণে ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জিয়াউলকে প্রচলিত নিয়মে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করতে হবে। অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে আসার দাবি গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জিয়াউল আদালতে হাজির হতে অস্বীকৃতি জানালে তাঁর অনুপস্থিতিতেই ভার্চুয়ালি শুনানি হতে পারে।
