জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্য, পরিবহন, শিক্ষা ও বাসাভাড়ায়। আয় না বাড়লেও বাড়তি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার। এর মধ্যে জ্বালানি তেল বিক্রিতে নতুন আবগারি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা রফিকুল ইসলাম মাসে ৫০ হাজার টাকা বেতন পান। এর ২০ হাজার টাকা বাসাভাড়ায় ব্যয় হয়। বিদ্যুৎ ও এলপিজির দাম বাড়ায় তাঁর মাসিক খরচও বেড়েছে। সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠান বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাড়িওয়ালাও ভাড়া বাড়ানোর নোটিস দিয়েছেন।
জ্বালানির বাড়তি দামে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে নিত্যপণ্যের দাম এবং কারখানার উৎপাদন খরচেও চাপ তৈরি হয়েছে। লোডশেডিং মোকাবিলায় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জেনারেটর চালাতে অতিরিক্ত ডিজেল কিনতে হচ্ছে।
এদিকে গত ৩ নভেম্বর এনবিআরের সঙ্গে বৈঠকে জ্বালানি তেল বিক্রির পর্যায়ে আবগারি শুল্ক আরোপসহ কয়েকটি প্রস্তাব দেয় আইএমএফ। নতুন কর আরোপে জনঅসন্তোষের আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
