ব্যবসা, প্রশিক্ষণ কিংবা আয়বর্ধক কাজে অর্থের প্রয়োজন? জামানত ছাড়াই সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নির্দিষ্ট পেশা ও জনগোষ্ঠীর মানুষ এ সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ ১২ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে এককভাবে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণের সুযোগ রাখা হয়েছে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ পাঁচ বছর।
কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, জেলে, রিকশা ও ভ্যানচালক, ফেরিওয়ালা, কারিগর, গৃহভিত্তিক পণ্য প্রস্তুতকারী এবং ফ্রিল্যান্সাররা অগ্রাধিকার পাবেন। প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, প্রবাসী পরিবারের সদস্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও এ তালিকায় রয়েছেন।
দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে ঋণ নেওয়া যাবে। ঋণ বিতরণ করবে তফসিলি ব্যাংকগুলো।
