একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করে গরম করা, পরে ঠান্ডা করে আবার ফ্রিজে রাখার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে রান্না করা খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এর ফলে ফুড পয়জনিংসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে পাঁচ ধরনের খাবার সংরক্ষণ ও পুনরায় গরম করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
১. ভাত
আগের দিনের রান্না করা ভাত ফ্রিজে রেখে পরদিন খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে রান্নার পর দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ভাত ফেলে রাখলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এটি ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। তাই রান্নার পর দ্রুত ভাত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় পুরো পাত্র না বের করে প্রয়োজনীয় পরিমাণটুকু গরম করা ভালো।
২. মুরগির মাংসের তরকারি
মুরগির মাংসের তরকারি বারবার গরম ও ঠান্ডা করলে এবং সঠিকভাবে সংরক্ষণ না করলে ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই রান্নার পর ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখা ভালো। খাওয়ার আগে প্রয়োজনীয় অংশটুকু ভালোভাবে গরম করে নিতে হবে।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ ও সামুদ্রিক খাবার তুলনামূলক দ্রুত নষ্ট হতে পারে। রান্নার পর দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ফেলে রাখলে খাদ্যনিরাপত্তার ঝুঁকি বাড়ে। তাই অবশিষ্ট খাবার দ্রুত ফ্রিজে রাখতে হবে এবং খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করতে হবে।
৪. ডিমের তৈরি খাবার
অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের তরকারি—সব ধরনের রান্না করা ডিমের খাবার সংরক্ষণে সতর্ক থাকা জরুরি। দীর্ঘ সময় বাইরে ফেলে রাখলে এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই রান্নার পর দ্রুত ফ্রিজে রাখতে হবে এবং খাওয়ার সময় প্রয়োজনীয় অংশটুকু গরম করতে হবে।
৫. ক্রিম ও দুধ দিয়ে তৈরি খাবার
পনির বাটার মসলা, ক্রিমি পাস্তা কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সসে দুগ্ধজাত উপাদান থাকে। এসব খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করা এবং খাওয়ার আগে প্রয়োজনীয় অংশটুকু গরম করা উচিত।
খাবার নিরাপদ রাখবেন যেভাবে
খাবার নিরাপদ রাখতে রান্নার পর দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় খাবার ফেলে রাখা যাবে না। একই খাবারের পুরো পাত্র বারবার গরম না করে প্রয়োজনমতো অল্প পরিমাণ বের করে গরম করাই ভালো। এতে খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।a
