ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

কলমের জাদুতে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে বাংলা সাহিত্যে অনন্য জগৎ সৃষ্টি করেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। মিসির আলি ও হিমুর মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা এই লেখকের আজ ৭৮তম জন্মদিন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।

লেখকের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) তাঁর জন্মভূমি নেত্রকোনায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। হলুদ পাঞ্জাবি পরে ছেলেরা হিমু এবং নীল শাড়িতে মেয়েরা রূপা সেজে উৎসবে অংশ নেবেন। আয়োজনের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডা।

প্রায় এক যুগ ধরে হুমায়ূন আহমেদের জন্মদিনে এ উৎসবের আয়োজন করে আসছে সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা। আয়োজকদের তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় লেখকের বিভিন্ন শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। সকাল ১১টায় হিমু ও রূপা সেজে অংশগ্রহণকারীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করবেন।

শোভাযাত্রাটি শহরের সাতপাই নদীর পাড়সংলগ্ন চক্ষু হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। পরে সেখানে কেক কেটে লেখকের জন্মদিন উদ্‌যাপন করা হবে।

উৎসবের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং তাঁর নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশন করা হবে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। শেকড়ের প্রতি ভালোবাসা থেকে সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কথাসাহিত্যিক। তাঁর জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথনের আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা।