সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য ঘরে বসে দেখার সুযোগ দিতে সেলফ সার্ভিস পোর্টাল চালু করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। পরিচয় যাচাই করে গ্রাহকেরা অনলাইনে তাঁদের বিনিয়োগের তথ্য দেখতে পারবেন। লগইনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, সঞ্চয়পত্র কেনার সময় নিবন্ধিত মোবাইল নম্বর এবং ওই নম্বরে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)।
পোর্টালে প্রবেশের ঠিকানা: https://nsd.finance.gov.bd/selfreport/। সেখানে ১০ বা ১৭ ডিজিটের এনআইডি নম্বর, এনআইডি অনুযায়ী জন্মতারিখ, নিবন্ধিত মোবাইল নম্বর এবং পর্দায় দেখানো ক্যাপচা কোড দিতে হবে। এরপর মোবাইলে আসা ছয় অঙ্কের ওটিপি দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে।
সঞ্চয়পত্রের তথ্যের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি সচল থাকা জরুরি। গ্রাহক বর্তমানে অন্য নম্বর ব্যবহার করলেও পুরোনো নম্বর নিবন্ধিত থাকলে ওটিপি পেতে সমস্যা হতে পারে। ওটিপি না এলে বারবার চেষ্টা না করে এনআইডি, জন্মতারিখ ও নিবন্ধিত নম্বরের তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোর্টালটি বুধবার চালু হলেও প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি সমস্যা দেখা দিতে পারে। লগইন ব্যর্থ হলে বিনিয়োগের তথ্য হারিয়েছে বা সঞ্চয়পত্র বাতিল হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তথ্যের অসামঞ্জস্য বা পরিচয় যাচাইয়ের সমস্যাও এর কারণ হতে পারে।
নিরাপত্তার জন্য শুধু সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। এনআইডি ও ওটিপি অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
