স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের বাণিজ্যবিষয়ক বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
গত ২৩ নভেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ায় তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।
