ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র, ব্যয় ১,৮৮৮ কোটি টাকা

সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র, ব্যয় ১,৮৮৮ কোটি টাকা

ফেনীর সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও জ্বালানি নিরাপত্তা বাড়াতে প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার ব্রিফিংয়ে জানান, প্রকল্পটি বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিবি) পিএলসি।

সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবির অর্থায়নে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার ও দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। এগ্রোভোল্টাইক পদ্ধতিতে একই জমিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের পরিকল্পনাও রয়েছে।

২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। স্থানীয় প্রায় এক হাজার যুবক ও নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যও রয়েছে।