আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে আগের সরকারের সময় নির্ধারিত শর্তগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে মতপার্থক্য নিরসনে দুটি কার্যদল কাজ করছে। আলোচনার মাধ্যমে ঋণ কর্মসূচির শর্তগুলো পুনর্বিবেচনা করা হবে।
তিনি বলেন, আগের সরকারের সম্মত হওয়া শর্তগুলো হঠাৎ বাস্তবায়ন করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাইকার সঙ্গেও উন্নয়ন পরিকল্পনা সমন্বয় করছে সরকার বলে জানান তিনি।
