ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় কিরগিজস্তান

জানুয়ারিতে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় কিরগিজস্তান

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারির মাঝামাঝি তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে ফিফার নির্ধারিত আন্তর্জাতিক সূচির বাইরে ম্যাচ দুটি হওয়ায় সিদ্ধান্ত নিতে ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার জাতীয় দল কমিটির সভায় প্রস্তাবটি আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

তাবিথ জানান, আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। তবে ঘরোয়া লিগের সূচি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

প্রস্তাব গ্রহণ করলে কয়েক দিনের জন্য বাংলাদেশ ফুটবল লিগ বন্ধ রাখতে হবে। পাশাপাশি ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলারদের পাওয়া কঠিন হবে।

এ ছাড়া মৌসুমের মাঝপথে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে রাজি হবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বাংলাদেশের খেলার কথা রয়েছে। প্রতিপক্ষ নির্ধারণে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র।