ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অ্যাম্বুলেন্সে ডাকাতির আতঙ্কে অকাল প্রসব, নবজাতকের মৃত্যু

ঝিনাইদহে অ্যাম্বুলেন্সে ডাকাতির আতঙ্কে অকাল প্রসব, নবজাতকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতের হামলার শিকার হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। পরে হাসপাতালে নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয়। রোববার (২২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রসূতি আফসারা তাসনীমকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। পথে গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকায় অস্ত্রধারী ডাকাতেরা। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়।

প্রসূতির স্বামী চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, ডাকাতেরা তার স্ত্রীর পেটেও ধারালো অস্ত্র ধরে। এতে তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। পরে যাত্রাপথে অ্যাম্বুলেন্সেই অপরিণত সন্তান প্রসব করেন। সাতমাইল এলাকায় পৌঁছালে নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার কালীগঞ্জ থানায় মামলা করেছেন প্রসূতির স্বামী। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে একই সড়কে আরও কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ পুরো ডাকাত দলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।