পশ্চিমবঙ্গে অবৈধ গরু জবাই বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যমান আইন আরও কঠোর করতে নতুন বিল আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তবে অনুমোদিত জবাইখানায় আইন মেনে পশু জবাইয়ের সুযোগ বহাল থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, রাজ্যে অবৈধভাবে গরু জবাই করতে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার তথ্য সরাসরি তাকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করা হবে। অবৈধ জবাইয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নতুন বিল আনার উদ্যোগও রয়েছে।
এদিকে রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় অসুস্থ ও বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণে গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এর আগে গবাদিপশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসনদ বাধ্যতামূলক করা হয়। জনসমক্ষে জবাই নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনে কারাদণ্ড ও জরিমানার বিধানও রয়েছে। তবে গরুর মাংস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়নি।
