সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এ প্রস্তাব তুলে ধরে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বাংলাদেশের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে।
তবে সিরিজের সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, সময়ের বিষয়ে তাঁর বক্তব্য সঠিক নয়। মূলত ২০২৭ সালের এশিয়া কাপের আগেই সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আলোচনায় যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, দুই দেশই প্রস্তাবে ইতিবাচক। তবে চূড়ান্ত সম্মতি না পাওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।
২০২৭ সালের এশিয়া কাপ ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজন করে রানার্সআপ হয়েছিল।
