টেস্ট ক্যারিয়ারের প্রথম ছয় ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট! মোট সংগ্রহ মাত্র এক রান। এমন দুঃস্বপ্নের শুরু করা ব্যাটসম্যানই পরবর্তী সময়ে ছয়টি ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি মারভান আতাপাত্তু।
প্রথম তিন টেস্টে ব্যর্থতার পর বারবার দল থেকে বাদ পড়েন আতাপাত্তু। এমনকি নিজের টেস্ট ক্যারিয়ার শেষ বলেও ধরে নিয়েছিলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আবার সুযোগ এনে দেয়।
অভিষেকের প্রায় সাত বছর পর ভারতের বিপক্ষে মোহালিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ২২৩ রানের ইনিংস খেলে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান।
ক্যারিয়ারে ৯০ টেস্টে ১৬টি সেঞ্চুরি করেন আতাপাত্তু, যার ছয়টিই ডাবল সেঞ্চুরি। ব্যাটিং গড় ৩৯.০২ হলেও বড় ইনিংস খেলার অসাধারণ দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
২২ নভেম্বর তাঁর জন্মদিন। ব্যর্থতা পেরিয়ে সাফল্যের শিখরে ওঠা আতাপাত্তুর গল্প আজও ক্রিকেটপ্রেমীদের অনুপ্রেরণা জোগায়।
