২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের বড় টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি ও সময়সীমা অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খেলোয়াড় ও সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন সহজ হবে বলে মনে করছে সংস্থাটি।
ঘোষিত সূচিতে রয়েছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে নতুন সূচির কার্যক্রম শুরু হবে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেন, বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং খেলোয়াড় ও সদস্য বোর্ডগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ দিতে এ সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আইসিসির টুর্নামেন্টগুলো বৈশ্বিক ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজন ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ও গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সমর্থক ও খেলোয়াড়দের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করে। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের সুযোগ বাড়ায়।
সঞ্জোগ গুপ্ত আরও বলেন, টুর্নামেন্টগুলোর সময়সূচি সম্পর্কে খেলোয়াড় ও সদস্য সংস্থাগুলোকে আগাম ধারণা দেওয়া জরুরি। এতে খেলোয়াড় তৈরির উন্নত পথ, উচ্চ পারফরম্যান্স কর্মসূচি এবং সুসংগঠিত সূচি প্রণয়ন করা সম্ভব হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৮ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টটি চলবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৪ জুলাই থেকে ৪ আগস্ট। পরবর্তী দুটি আসর হবে ২০৩২ ও ২০৩৪ সালে। তবে সেগুলোর আয়োজক এখনো ঘোষণা করা হয়নি।
ওয়ানডে বিশ্বকাপ
৫০ ওভারের বিশ্বকাপের ২০২৭ সালের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০৩১ সালে উপমহাদেশে ফিরবে এ প্রতিযোগিতা। ওই আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টটি চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
২০৩৫ সালের বিশ্বকাপও আইসিসির সূচিতে রাখা হয়েছে। ওই বছরের অক্টোবর-নভেম্বরে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে আয়োজক দেশ বা দেশগুলোর নাম এখনো নিশ্চিত করা হয়নি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দুই বছর পরপর আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। জুন মাসে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। ম্যাচ দুটি যথাক্রমে ৮ থেকে ১২ জুন এবং ১২ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে। ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের আয়োজক এখনো ঘোষণা করা হয়নি।
চ্যাম্পিয়নস ট্রফি
২০২৯ সালে ফিরছে আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত। পরবর্তী আসর হবে ২০৩৩ সালের অক্টোবরে। তবে ওই আসরের আয়োজক এখনো নিশ্চিত হয়নি।
আইসিসির এ ঘোষণার ফলে আগামী এক দশকের আন্তর্জাতিক ক্রিকেট সূচি সম্পর্কে সদস্য বোর্ডগুলো আরও স্পষ্ট ধারণা পাবে। এতে বৈশ্বিক টুর্নামেন্টের সঙ্গে সমন্বয় করে ঘরোয়া প্রতিযোগিতা, খেলোয়াড় উন্নয়ন ও উচ্চ পারফরম্যান্স কর্মসূচি পরিকল্পনা করা সহজ হবে।
বর্তমানে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
