ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রত্যর্পণ চুক্তি ও ভারতের ভূমিকা
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে কোনো শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাও দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন বলে সরকার মনে করে।
শামা ওবায়েদ বলেন, ভারত এ বিষয়ে সাড়া দিলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ও কনস্যুলার সংলাপ
একক কোনো ব্যক্তির চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। শেখ হাসিনাকে ঘিরে এ সম্পর্ক সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই কিছুদিন পর বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করেন শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গেও দলটি জড়িত। অন্য দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হলে বাংলাদেশ সরকারের তা মোকাবিলা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতের সম্ভাব্য শর্ত
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কর্মকর্তাদের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রথম শর্ত হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির সেনাবাহিনীকে পাঠানোর কথা বলা হয়েছে। কারণ, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এসব বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত বাংলাদেশকে জানানো হয়নি।
