ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান আমলের চেয়ে ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

পাকিস্তান আমলের চেয়ে ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ তাদের সর্বশেষ শাসনামলে পাকিস্তান আমলের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আন্দালিব রহমান বলেন, দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে তিনি ‘দেউলিয়াত্ব’ বলে মন্তব্য করেন। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। আলোচনার কেন্দ্রে আসতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দলটির সাংগঠনিক তৎপরতা না থাকায় মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে তারা সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনৈতিক ক্ষতি তুলে ধরে আন্দালিব রহমান বলেন, দলটি যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এসব ক্ষতির দায় বর্তমান সরকারের না হলেও সেই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।