অনন্ত জলিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা ও সমালোচনার মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ওমর সানী। সহকর্মীর প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, অনন্ত জলিল দ্রুতই এই পরিস্থিতি সামলে নিতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। সেখানে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিলকে নিয়েও কথা বলেন তিনি।
অনন্ত জলিল সম্পর্কে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, তিনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’
অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে ওমর সানী আরও বলেন, ‘এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটে গেছে, আপনি বিষয়টি সংক্ষেপে মিটিয়ে ফেলবেন। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আর আপনি যে একজন ভালো মানুষ, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অল দ্য বেস্ট।’
ভিডিওতে অনন্ত জলিলের প্রসঙ্গ ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়ে কথা বলেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত এই অভিনেতা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার পথে প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে যাতায়াত করেন তিনি।
রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে ট্রল ও সমালোচনার জবাবে ওমর সানী বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’
পাশাপাশি ভালো চরিত্র পেলে নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানান তিনি। অভিনয়ের প্রতি নিজের ভালোবাসা বোঝাতে গিয়ে ওমর সানী বলেন, অভিনয় তাঁর কাছে ইনসুলিনের মতো, যা তাঁকে নিতেই হবে।
