২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। শনিবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অন্যদিকে, একই বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব।
এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র্যাংকিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।
পুরুষ ও নারী—উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশ নেবে। দলগুলো চারটি করে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে। অলিম্পিকে ক্রিকেটের জন্য এটিই হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের আসরে পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দল পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলোর যোগ্যতা নির্ধারণ করা হবে মূলত মহাদেশীয় র্যাংকিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী—দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে এ ক্ষেত্রে র্যাংকিংসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
