গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, উচ্চ আদালতের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের জ্যেষ্ঠতা ফিরিয়ে দিতে হবে এবং বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেন।
রাত সাড়ে আটটা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল।
উপাচার্য বলেন, আন্দোলনকারীদের দাবি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তাঁকে অন্যায়ভাবে অবরুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
