ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন, ভোট হবে ১ হাজার ২৬টি ইউনিয়নে

২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন, ভোট হবে ১ হাজার ২৬টি ইউনিয়নে

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোট হবে। কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি।