সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান ক্রমেই শক্তি ও গতি বাড়াচ্ছে। ভারতের উপকূলের দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
সংগঠনটির তথ্যমতে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। দমকা হাওয়াসহ তা ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, ১৯ নভেম্বর সন্ধ্যার পর থেকে ২০ নভেম্বর দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা কম হলেও খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
