কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতির পাশে অবস্থান করছে একটি পুরুষ হাতি। পেছনের ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে স্ত্রী হাতিটি চলাফেরায় কষ্ট পাচ্ছে। এমন অবস্থায় তাকে একা না ছেড়ে সার্বক্ষণিক পাশে থাকছে পুরুষ হাতিটি।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় তাদের দেখা যাচ্ছে।
স্থানীয়দের ধারণা, গুলিতে আহত হয়ে থাকতে পারে স্ত্রী হাতিটি। তবে আঘাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, আহত হাতিটির চিকিৎসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এদিকে, হাতি দুটির কাছাকাছি গিয়ে বিরক্ত না করতে স্থানীয়দের সতর্ক করেছেন বন বিভাগের কর্মকর্তা।
