ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ বড় ধাক্কা খেল। অ্যাকিলিস টেন্ডনে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না ডিফেন্ডার সাদ উদ্দিন। সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর ছয় থেকে আট মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন দলের সহকারী কোচ।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচের শেষদিকে চোট পান সাদ। পরে ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। জাতীয় দলের চিকিৎসক ডা. তুষার মাহমুদ জানান, তাঁর এমআরআই পরীক্ষা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চোটের মাত্রা নিশ্চিত হওয়া যাবে।
সহকারী কোচ হাসান আল মামুন বলেন, সাদ ভালো ফর্মে ছিলেন। তাঁর চোট বাংলাদেশ দল ও ক্লাব মোহামেডানের জন্যও দুর্ভাগ্যজনক।
আগামী শনিবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাদের বিকল্প হিসেবে রাইট-ব্যাক পজিশনে তাজ উদ্দিন, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন।
