ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ভল্টের টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংকের কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

ভল্টের টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংকের কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা এবং অতিরিক্ত ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের বিবরণ অনুযায়ী, অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ঢাকা ব্যাংককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রতারণার দায়ে পাঁচ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

আদালত জানিয়েছেন, তিন ধারায় দেওয়া মূল কারাদণ্ড ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে মোট সাজা হয়েছে ২০ বছর। তবে তদন্ত ও বিচার চলাকালে আসামির হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার অপর আসামি ব্যাংকটির তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা চালায়। এ সময় ভল্টের নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ক্যাশ ইন-চার্জ রিফাতুল হক ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই অর্থ সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।

এজাহারে বলা হয়, ভল্টে ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।

এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও তৎকালীন এফভিপি এবং অপারেশন ম্যানেজার এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে দুদকের অনুমোদনক্রমে ১৯ জুন তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়।

তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২২ মে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।